৬ মার্কিনিকে মুক্তি দিলো কুয়েত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও কুয়েতের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নতির লক্ষ্যে ছয় মার্কিনীকে মুক্তি দিয়েছে কুয়েত সরকার। গত বুধবার (১৪ মার্চ) তাদেরকে মুক্তি দেয়া হয়েছে।
মিডল ইস্ট আই জানিয়েছে, মার্কিন প্রশাসন বিদেশে বন্দী মার্কিনীদের মুক্ত করার লক্ষ্যে বিশেষ এজেন্ডা ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় কুয়েত থেকে ছয় মার্কিন নাগরিককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সামরিক ঠিকাদার ও প্রবীণ সৈনিকরাও রয়েছেন।
মাদকসংক্রান্ত অভিযোগে তাদের কুয়েতে বছরের পর বছর আটক করে রাখা হয়েছিল। মার্কিন বন্দীবিষয়ক রাষ্ট্রদূত অ্যাডাম বোহলারের কুয়েত সফরের পর তাদের মুক্তি দেয়া হয়।
আটকদের পক্ষের এক আইনজীবী জোনাথন ফ্রাঙ্কস মিডল ইস্ট আইকে বলেন, ‘কুয়েতি সরকারের এই অসাধারণ করুণার জন্য আমার ক্লায়েন্ট এবং পরিবারগুলো খুবই কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, আমরা তাদের মামলার প্রতি মার্কিন সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য একটি দীর্ঘ প্রক্রিয়ায় নিযুক্ত রয়েছি।’
কুয়েত থেকে নিউ ইয়র্কের একটি ফ্লাইটে ফ্রাঙ্কস সদ্য মুক্তিপ্রাপ্ত বন্দীদের সাথে ছিলেন। তিনি বলেছিলেন, তারা মুক্তদের নাম প্রকাশ করতে চান না। তবে তিনি এক এক্সবার্তায় লিখেছেন, তাদের ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে মুক্তি দেয়া হয়েছে।
সূত্র : মিডল ইস্ট আই










