কাতার সফর করলেন চীনের ব্যবসায়ী প্রতিনিধিদল
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক জোরদার করতে এবং পারস্পরিক উপকারী সহযোগিতা প্রচারে কাতার সফর করেন চীনের ব্যবসায়ী প্রতিনিধিদল। চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) আয়োজনে শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশটি সফর করেন তারা।
এই সফরে সিসিপিআইটির ভাইস প্রেসিডেন্ট ইউ চিয়ানলং,কাতারের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন তারা।
প্রতিনিধি দল কাতারের রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদেরকে চীনের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং সর্বশেষ উন্মুক্তকরণ ব্যবস্থা সম্পর্কে অবহিত করে।
দ্বিপক্ষীয় শিল্প ও সাপ্লাই চেইন সহযোগিতাকে আরও গভীর করতে বেইজিংয়ে আগামী ১৬ জুলাই থেকে ২০ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় চায়না ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপোতে অংশ নিতে কাতারি ব্যবসায়ীদেরকে স্বাগত জানায় দলটি।











