56442

জার্মানিতে আগাম নির্বাচনে ভোট গ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে আগাম নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় সারাদেশে ভোট গ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জার্মানির সংসদ নির্বাচনে প্রায় ছয় কোটি ভোটার আগামী চার বছরের জন্য সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

গত নভেম্বেরে এসপিডি নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যায়। তার প্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন ঘোষণা করা হয়। মধ্য ডানপন্থি দল সিডিইউ নির্বাচনে জয় পেতে পারে বলে মনে করা হচ্ছে। জার্মানির এই নির্বাচনের ফলাফল ভবিষ্যৎ ইউরোপীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

ads

জার্মানির এসপিডি দলের নেতা ওলাফ শলজের নেতৃত্বে ২০২১ সালে জোট সরকার গঠন করে ব্যবসাবান্ধব দল এফডিপি ও পরিবেশবান্ধব দল গ্রিন পার্টি। তবে অর্থনৈতিক সংস্কার নিয়ে জোট সরকারের অংশীদার তিন দলের মধ্যে মতানৈক্য দেখা দেয়।

তার জেরে গত নভেম্বর মাসে জোট সরকার ভেঙে দেয়ার ঘোষণা দেন চ্যান্সেলর ওলাফ শলজ। এরপর শলজের ক্ষমতায় থাকা না থাকার প্রশ্নে গত ১৬ ডিসেম্বর জার্মান পার্লামেন্টে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে পরাজিত হন তিনি।

ads

কোন দল জিতবে

বার্লিনভিত্তিক নির্বাচন গবেষণা প্রতিষ্ঠান ইনফ্রাটেস্ট ডিমাপ একটি সমীক্ষা চালিয়েছে। তাতে দেখা গেছে, মধ্য ডানপন্থি দল সিডিইউ ও তাদের বাভারিয়ান সহযোগী দল সিএসইউ এগিয়ে রয়েছে। দল দুটি কট্টর ডানপন্থি এএফডির চেয়ে অন্তত ১০ পয়েন্টে এগিয়ে আছে।

তবে এএফডি ভাল ফল করার সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য সাক্সনি, থুরিঙ্গিয়া ও ব্রান্ডেনবুর্গের আঞ্চলিক নির্বাচনে দলটি বেশ ভালো ফল করে।

সরকারে থাকা এসপিডি ও গ্রিন পার্টি জরিপে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। আগের সরকারের ত্রিদলীয় জোটের অংশ এফডিপি তালিকার শেষের দিকে রয়েছে।

কে হবেন চ্যান্সেলর

ভোটাররা সরাসরি চ্যান্সেলর নির্বাচনকরেন না। বরং তারা বুন্ডেসটাগ বা সংসদের নিম্নকক্ষের সদস্যদের নির্বাচন করেন। যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে সর্বাধিক আসনপ্রাপ্ত দল একটি সরকার গঠনের চেষ্টা করে। সাধারণত সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী জোটের প্রধান দল তাদের চ্যান্সেলর প্রার্থীকে সরকার প্রধান হিসেবে মনোনীত করে।

বর্তমানে সিডিইউ-সিএসইউর চ্যান্সেলর প্রার্থী ফ্রিডরিশ ম্যার্ৎস এই লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছেন। তবে তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে মূলত বর্তমান চ্যান্সেলর ওলাফ শলজ (এসপিডি) এবং ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক (গ্রিন পার্টি)-এর জনপ্রিয়তা হ্রাসের কারণে।

জার্মান চ্যান্সেলর কীভাবে নির্বাচিত হন

প্রতিটি দল নির্বাচনের আগে তাদের শীর্ষ প্রার্থী মনোনীত করে। নির্বাচনের পর দলগুলো সরকার গঠনের জন্য জোট গঠনের চেষ্টা করে। জার্মান প্রেসিডেন্ট সংসদে চ্যান্সেলর পদের জন্য একজন প্রার্থী মনোনীত করেন। সংসদ সদস্যদের গোপন ভোটে নির্ধারিত হয় চ্যান্সেলর।

জার্মানির নির্বাচন ব্যবস্থা কেমন

জার্মানির নির্বাচন ব্যবস্থা গণতন্ত্র ও আনুপাতিক প্রতিনিধিত্ব-এর সমন্বয়ে গঠিত। প্রত্যেক ভোটার দুটি ভোট দেন: প্রথম ভোট : সরাসরি একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য। দ্বিতীয় ভোট : একটি রাজনৈতিক দলের জন্য।

দ্বিতীয় ভোটই মূলত সংসদে দলগুলোর অনুপাত নির্ধারণ করে। কোনো দল যদি ৫ শতাংশ বা তার বেশি ভোট পায়, তবে তারা নিশ্চিতভাবে সংসদে আসন পায়।

তথ্যসূত্র: ডয়চে ভেলে

ad

পাঠকের মতামত