কুমিল্লায় ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সঙ্গে বুদ্ধপূর্ণিমা উদযাপন
নিউজ ডেস্ক: কুমিল্লায় বৌদ্ধ পূজা, সমবেত প্রার্থনা আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষ্যে বুধবার (২২ মে) সকালে নগরের ঠাকুরপাড়াস্থ কনকস্তুপ বৌদ্ধ বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহার গুলো বৌদ্ধ পুজা আর সমবেত প্রার্থনায় কয়েক শত বৌদ্ধ সম্প্রদায়ের নর-নারী, দায়ক-দায়িকা, বৌদ্ধ ভিক্ষুকরা অংশগ্রহণ করে। সকালে বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, সমবেত প্রার্থনা ও পিন্ডদান এবং বিকালে প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।
শহরের ঠাকুরপাড়াস্থ কনকস্তুপ বৌদ্ধ বিহার, কুমিল্লা ইপিজেড সার্বজনীন বৌদ্ধ বিহার, বৌদ্ধপাড়াস্থ নবশালবন বিহার এবং আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহার, বরইগাও কনকচৈত্য বৌদ্ধ বিহারসহ সকল বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠানাদি করা হয়।
বৌদ্ধ ধর্মালম্বীরা সকলের শান্তির পাশাপাশি দেশ ও জাতির উদ্দেশে মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন।
বিকেলে নগরীর টাউন হল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে র্যালিটির উদ্বোধন করেন কুসিক মেয়র ডা. তাহসিন বাহার সূচনা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শামসুল তাবরীজ, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি।
এ সময় সাংবাদিক অশোক বড়ুয়া, যুবলীগ নেতা ঝুনু বড়ুয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।










