দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কুমিল্লা জেলা পুলিশের
মাইনুল হক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কুমিল্লা জেলা পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার) এ তথ্য জানান।
জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার) বলেন, এবছর জেলায় ৮১৪টি মন্ডপে পূজা উদযাপন হবে। গত বছরের চেয়ে এ বছর পূজা মন্ডপগুলোতে বেশি পুলিশ সদস্য ফিক্সড ডিউটি পালন করবে। পাশাপাশি যে কোন সমস্যায় কুইক রেসপঞ্জের জন্য মটর সাইকেল টহল টিম ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। থানা ভিত্তিক পর্যাপ্ত মোটরসাইকেল পেট্রল থাকবে।
গূজা মন্ডপ সুরক্ষিত রাখতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে তদারকির উপর উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটি মন্ডপে থানার সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত পর্যায়ক্রমে তদারকি করবে। সনাতন ধর্মালম্বীদের ভলান্টিয়াররাও পর্যায়ক্রমে দ্বায়িত্ব পালন করবে। তাদের ডিউটির সুবিধার্থে ৯ হাজারের মত অর্মবেড পূজা উদযাপন কমিটির নিকট দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি মন্ডপের জন্য পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারটিতে লেখা রয়েছে “এই মন্দিরটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত”। এখন পর্যন্ত জেলার প্রায় ৯৮% মন্ডপে সিসি ক্যামেরা লাগানোর কাজ সমাপ্ত হয়েছে। আমরা আশা করছি শতভাগ পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় চলে আসবে।
পুলিশ সুপার জানান, কুমিল্লাতে প্রত্যেক মন্ডপ ভিত্তিক আমরা নিরাপত্তা সহায়তা কমেটি করেছি। অর্থাৎ সংশ্লিষ্ট পূজামন্ডপ এলাকার জনপ্রতিনিধি, পাশবর্তী মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মালম্বীদের মাঝে নেতৃবৃন্দ তাদের নিতে ১০ সদস্য বিশিষ্ট একটি নিরাপত্তা সহায়তা কমিটি করা হয়েছে। তাঁরাও আইন শৃংখলা বাহিনী এবং পুলিশের পাশাপাশি মন্ডপের নিরাপত্তার দিকে খেয়াল রাখবে। আমরা আশা করছি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে এবারের শারদীয় উৎসব সার্বজনীন রূপ পাবে।









