টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দেবিদ্বারের দুই শতাধিক মুক্তিযোদ্ধার শ্রদ্ধা
নিউজ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লার দেবিদ্বারের দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা। আজ বুধবার দুপুরে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তাঁরা বেদির পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শতাব্দীর মহানায়কের প্রতি সম্মান প্রদর্শন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া করা হয়। এসময় বিপুল সংখ্যক শিশু-কিশোর ও স্বেচ্ছাসেবীরাও উপস্থিত ছিলেন। পরে সমাধিস্থলে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে শিশুদের নিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান, শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’ ইনক এর সভাপতি ডা. ফেরদৌস খন্দকার।

পরে সমাধিস্থলের অডিটরিয়ামে শিশু শেখ রাসেলের জীবনের শেষ মুহুর্তের সময়টুকু নিয়ে নির্মিত একটি নাটিকা প্রদর্শিত হয়। নাটিকার মাধ্যমে দর্শকদের প্রতি একটি প্রশ্ন রাখা হয়, কি ছিল শেখ রাসেলর অপরাধ? নাটিকা দেখে সবাই আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।
শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’ ইন্ক এর সভাপতি ডা. ফেরদৌস খন্দকার বলেন, নতুন প্রজম্ম ও ২০০ শতাধিক বীর মুক্তিযোদ্ধা নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছি। শেখ রাসেলের শেষ মুহুর্তের জীবন নিয়ে নির্মিত একটি নাটিকা প্রদর্শন করা হয়। নাটিকাতে দেখানো হয়েছে, কিভাবে নির্মমভাবে শিশু শেখ রাসেলকে হত্যা করেছে ঘাতকরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও নাটিকা পরিচালনা করেন, শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র শাখার সাধারণ সম্পাদক আল আমিন বাবু।









