মসজিদে হামলাকারীসহ ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে কুয়েত
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, ২৭ জুলাই, বৃহস্পতিবার পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে মসজিদে বোমা মেরে ২৬ জনকে হত্যার অভিযোগ রয়েছে। খবর আল-আরাবিয়া।
প্রসিকিউশনের বিবৃতিতে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজনের মধ্যে একজন মসজিদে হামলাকারী, তিনজন খুনের দায়ে দোষী সাব্যস্ত এবং একজন মাদক কারবারী। আবার তাদের জাতীয়তার ক্ষেত্রে বলা হয়, দোষী সাব্যস্ত খুনিদের একজন মিশরীয়, আরেকজন কুয়েতি। মাদক কারবারী ব্যক্তি শ্রীলঙ্কার নাগরিক।
বিবৃতিতে মসজিদে হামলাকারী বা খুনী তৃতীয় ব্যক্তির জাতীয়তা সম্পর্কে পরিষ্কার কিছু বলা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে যে তারা বেআইনিভাবে কুয়েতে ছিলেন। বৃহস্পতিবার কুয়েতের কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
অভিযুক্তদের একজন ছিলেন আব্দুর রহমান সাবাহ সৌদ। আইএসআইএস গোষ্ঠীর এই ব্যক্তির বিরুদ্ধে ২০১৫ সালে কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে আল ইমামুস সাদিক নামের একটি শিয়া মসজিদে বোমা হামলার অভিযোগ আনা হয়। শুক্রবার জুমার নামাজের সময় চালানো ওই বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছিল। এটি ছিল কুয়েতের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী হামলা।

ধারণা করা হয়, কুয়েতের শিয়া-সুন্নি সংঘাত লাগানোর জন্যই এই আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। তবে হামলাকারীদের উদ্দেশ্য পূরণ হয়নি। বরং সুন্নি ও শিয়া উভয় সম্প্রদায়ের পক্ষ থেকেই এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছিল।
উল্লেখ্য, কুয়েত ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে মৃত্যুদণ্ড প্রবর্তন করে। তবে সেখানে এটির প্রয়োগ অন্যান্য দেশের তুলনায় খুবই কম। সর্বশেষ ২০১৭ সালে, আমিরাত শাসক পরিবারের একজন সদস্যসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এর দীর্ঘসময় পর বৃহস্পতিবার আবারও মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।











