রোনালদো-ফেদেরারের সঙ্গে ডিনারের সুযোগ পেলে যা করবেন কোহলি
স্পোর্টস ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোর বেশ বড় ভক্ত বিরাট কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রমাণ অনেকবারই দিয়েছেন ভারতের এই ক্রিকেটার। বিভিন্ন সময় অনেক সাক্ষাৎকারেও কোহলি জানিয়েছেন, ফুটবলের প্রতি রোনালদোর আবেদন, তার পরিশ্রমী মানসিকতা ভীষণ টানে তাকে। রোনালদোর মতোই কোহলি ভক্ত আরও এক বিশ্ব তারকার। টেনিস তারকা রোজার ফেদেরারের অনেক বড় ভক্ত কোহলি।
আগামীকাল থেকে শুরু হচ্ছে আইপিএল। এর মধ্যে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত–সমর্থকদের জন্য ‘আরসিবি বোল্ড ডায়েরিজ’ নামের একটি ভিডিও অনুষ্ঠান চালু করেছে। এতে কোহলিকে জিজ্ঞেস করা হয়েছিল তার দুই প্রিয় খেলোয়াড় রজার ফেদেরার ও ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে।
অনুষ্ঠানের এক পর্যায়ে কোহলিকে প্রশ্ন করা হয়, যদি ফেদেরার ও রোনালদোর সঙ্গে এক টেবিলে বসে ডিনার করার সুযোগ পেতেন, তাহলে তার প্রতিক্রিয়া কী হতো বা তাদের সঙ্গে কী নিয়ে আলোচনা করতেন তিনি। ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা ব্যাটারের উত্তরটা ছিল ভক্তের মতোই, ‘আমি আসলে চুপ করে থাকতাম। সত্যি বলছি। তাদের আলোচনার সঙ্গে নতুন করে কিছু যোগ করার থাকত না আমার। আমি শুধু তাদের কথাই শুনতাম। আমি খেলাধুলার ইতিহাসের অন্যতম দুই সেরা তারকার প্রতি মুগ্ধ থাকতাম।’
ক্রিকেটবিষয়ক অনুষ্ঠান যেহেতু ক্রিকেটের বিষয়টাও সেখানে এসেছিল। কোহলি নিজের আদর্শের ব্যাপারে কথা বলতে গিয়ে বলেন, ‘আমি সব সময়ই ব্যাটসম্যানদের মধ্য থেকে দুজনের নাম নিই—শচীন টেন্ডুলকার ও ভিভ রিচার্ডস। তাঁর নিজেদের সময়ে ব্যাটিংয়ে বিপ্লব এনেছিলেন। এঁরা দুজনই আমার চোখে হিরো। এই দুই ক্রিকেটার পুরোপুরি ক্রিকেটের দিগন্তরেখা পাল্টে দিয়েছেন। সে কারণেই আমি তাঁদের দুজনকে ক্রিকেটের দুই কিংবদন্তি মনে করি।’
এবারের আইপিএলে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম খেলা মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে। আর ৩৭৬ রান করলেই প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৭ হাজার রানের মাইলফলক ছোঁবেন কোহলি। তিনি আইপিএলের ইতিহাসেরই সর্বোচ্চ রান সংগ্রহকারীদের একজন।









