লুকাকুকে আরও বেশি ফিট মনে হচ্ছে অঁরির কাছে
স্পোর্টস ডেস্ক: চেলসি থেকে চলতি মৌসুমে ধারে ইন্টার মিলানে যোগ দিয়েছেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। মৌসুমের শুরু থেকেই ইনজুরির সঙ্গে লড়ছেন তিনি। তবে কয়েক ম্যাচ ধরে ইন্টার মিলানে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। তবে লুকাকুর সাবেক কোচ থিয়েরি অঁরি মনে করেন, আগের চেয়ে এখন আরও বেশি ফিট বেলজিয়ান স্ট্রাইকার।
চেলসি থেকে ধারে ইন্টারে যোগ দিলেও, ইনজুরির কারণে বেশিভাগ সময় মাঠের বাইরেই কাঁটাতে হয়েছে লুকাকুকে। বিশ্বকাপের আগে ইন্টারের হয়ে তেমনটা খেলার সুযোগ পান নি ইনজুরির কারণে। তবে ইনজুরি থেকে ফিরে ইন্টারের জার্সি গায়ে নিয়মিত খেলছেন তিনি। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচের পোর্তোর বিপক্ষে জয় সূচক গোলটিও করেছেন ২৯ বছর বয়সী এ স্ট্রাইকার।
বেলজিয়াম জাতীয় দলে সাবেক সহকারী কোচের দায়িত্বে ছিলেন সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরি। চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে ম্যাচের পর সিবিএস স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় অঁরি বলেছেন, সমালোচনার মোক্ষম জবাব দিয়েছেন লুকাকু।
থিয়েরি অঁরি বলেন, ‘আমি লুকাকুর জন্য খুব খুশি। তাকে ফিট দেখাচ্ছে, তাকে ঠিকঠাক দেখা যাচ্ছে, সে এটাই চায়। আমি মনে করি শুরুর একাদশে না থাকায় সে হতাশ ছিল। আপনি সমালোচনার জবাব কেবল মাঠেই দিতে পারেন এবং সে তাই করেছে।’
চলতি মৌসুমে ইন্টারের হয়ে ১৪ ম্যাচে মাঠে নেমে চারটি গোল করেছেন লুকাকু। ধার শেষে আবারো চেলসিতে ফেরার কথা রয়েছে তার। তবে লুকাকু আর চেলসিতে ফিরতে চান না। ইন্টার মিলানে স্থায়ীভাবে থেকে জেতে যান এই বেলজিয়ান। চেলসিতে নিজের দ্বিতীয় অধ্যায় শুরুর আগে ইন্টার মিলানে দারুণ খেলেছেন লুকাকু। ২০২০-২১ মৌসুমে লিগ শিরোপা জয়ে বিরাট ভূমিকা রেখেছিলেন তিনি।









