38482

কুমিল্লায় গরু চোর সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্কঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গরু চোর সন্দেহে গ্রামবাসী দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে; আহত হয়েছেন আরেক যুবক।

শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. রাকিবুল ইসলাম।

ads

নিহতরা হলেন- দাউদকান্দির দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের জায়েদ আলীর ছেলে মো. মুছা (৩০) ও বরিশাল সদরের পাথৈরপাড়া মধুদিয়ার জালাল মিয়ার ছেলে মো. জুয়েল (২৭)।

আহত যুবক হলেন- পিরোজপুরের মঠবাড়িয়ার বন্দরপাড়ার আবদুল লতিফের ছেলে মো. মনসুর (৩৪)। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে দাউদকান্দি মডেল থানায় পুলিশের হেফাজতে আছেন।

ads

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা কৃষক জালাল মিয়ার বাড়ি থেকে শুক্রবার মধ্যরাতে একদল চোর দুটি গরু চুরি করে। এ সময় চোরের উপস্থিতি টের পেয়ে জালাল মিয়ার স্ত্রী আছমা আক্তার চিৎকার শুরু করেন। ততক্ষণে গরু নিয়ে চোরের দল পালিয়ে যায়।

আছমা আক্তারসহ স্থানীয়দের চিৎকার শুনে দক্ষিণ মোহাম্মদপুরসহ পিপিয়াকান্দি, চিনামুড়া, ডেক্রিখোলা, সুরেরবাগ ও চক্রতলা গ্রামের লোকজনও ছুটে আসেন।

পরে জালাল মিয়ার বাড়ির পাশের একটি মাঠ থেকে চুরি হওয়া গরু দুটি উদ্ধার করেন স্থানীয়রা। এ সময় ওই মাঠের পাশে ধানক্ষেতে লুকিয়ে থাকা মুছা, জুয়েল ও মনসুরকে আটক করে গণপিটুনি দেয় লোকজন।

গণপিটুনিতে তিন যুবক গুরুতর আহত হলে তাদের চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মুছা মারা যান। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শনিবার ভোরে জুয়েলের মৃত্যু হয়।

আছমা আক্তার বলেন, তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়ে দুটি গরু কিনেছিলেন। রাতে গরু চুরির বিষয়টি আঁচ করতে পেরে তিনি চিৎকার করেন।

উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য মো. জামাল হোসেন বলেন, গত এক মাসে পিপিয়াকান্দি গ্রাম থেকে ১৬ থেকে ২০টি গরু চুরি হয়েছে। তাই গ্রামের প্রায় প্রতিটি কৃষক পরিবার রাত জেগে গরু পাহারা দিচ্ছে।

পুলিশের পরিদর্শক মো. রাকিবুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানার হেফাজতে নেওয়া আহত যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ad

পাঠকের মতামত