বুড়িচং কংশনগর থেকে ৩৫.৫ কেজি গাঁজাসহ আটক ২
নিউজ ডেস্কঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য (১৩ অক্টোবর) রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কংশনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩৫.৫ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার জাজিসার (স্কুলপাড়া) গ্রামের আব্দুল জলিল এর ছেলে রহিম (২৯) এবং একই গ্রামের মোঃ আলমগীর এর ছেলে মোঃ জিহাদ (২০)।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









