35944

বাংলাদেশি অভিবাসীদের প্রশংসায় তাবুক গভর্নর

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশি অভিবাসীদের সহনশীলতা ও তাদের কাজের প্রশংসা করেছেন সৌদি আরবের তাবুক প্রদেশের গভর্নর প্রিন্স ফাহাদ বিন সুলতান আল সউদ। সৌদি আরব এবং বাংলাদেশের সরকার ও জনগণের মধ্যে খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে মঙ্গলবার (০২ আগস্ট) এক বৈঠকে তাবুকের গভর্নর এ কথা বলেন।

ads

তিনি দুদেশের সম্পর্ক ব্যবসা বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। প্রিন্স ফাহাদ বিন সুলতান আল সউদ বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এ সময় রাষ্ট্রদূত গভর্নরকে জানান, তাবুক প্রদেশের বিভিন্ন শহরে অনেক বাংলাদেশি কর্মরত রয়েছে। এ অঞ্চলে কর্মরত বাংলাদেশি অভিবাসীদের প্রশংসা করে গভর্নর বলেন, তিনি তাদের নিজের লোক বলে মনে করেন। তাদের সাহায্য সহযোগিতা করা তিনি তার দায়িত্ব বলে মনে করেন।

ads

এসময় লোহিত সাগরে মৎস্য আহরনে বাংলাদেশিদের দক্ষতা কাজে লাগানো এবং তাবুকের কৃষি উপযোগী জমিতে বাংলাদেশের কৃষি অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।

এছাড়া তাবুকে সৌদি আরবের সবচেয়ে বড় প্রকল্প নিওম বাস্তবায়নের সফলতা কামনা করেন রাষ্ট্রদূত।

তাবুকে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক পর্যটন স্থান। এখানে রয়েছে লোহিত সাগর ও এর মনোরম সমুদ্র সৈকত। এ সকল দর্শনীয় স্থানের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থানের সাথে সহযোগিতার মাধ্যমে দুদেশের মধ্যে পর্যটন বৃদ্ধির বিষয়ে আশা প্রকাশ করেন। এছাড়া দুদেশের সংস্কৃতি বিনিময়ের কথাও রাষ্ট্রদূত উল্লেখ করেন।

এর আগে রাষ্ট্রদূত সোমবার বিকেলে তাবুকের পুলিশ প্রধান মেজর জেনারেল ইব্রাহিম বিন সুলতান আল যাবানের সাথে বৈঠক করেন। এ সময় রাষ্ট্রদূত তাবুক অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের সহায়তার অনুরোধ জানান। এছাড়া বিপদগ্রস্ত বাংলাদেশি গৃহকর্মীদের সেফ হাউজে স্থান দেয়ার অনুরোধ জানান। তাবুকের পুলিশ প্রধান অভিবাসী বাংলাদেশিদের প্রশংসা করে বলেন, বাংলাদেশিরা এখানে সৌদি আইন কানুন মেনে চলে এবং কোনো প্রকার অন্যায় কাজে জড়িত নয়।

ad

পাঠকের মতামত