দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
দেবিদ্বার প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। এ সময় আরো দুই জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ইষ্টগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ব্রাক্ষণবাড়িয়া কসবা উপজেলার জাজিয়ারা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে সেলিম (২২), একই উপজেলার কুটি গ্রামের শুবলচন্দ্র বর্মনের ছেলে লক্ষণ বর্মন। আহতরা হলেন ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার বিটগড় গ্রামের আব্দুল মান্নার ছেলে মোঃ সাদেক (৪২) ও কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের যদু মিয়ার ছেলে ইউসুফ (৪০)।
জানা গেছে, দেবিদ্বার উপজেলার ইষ্টগ্রাম এলাকায় সিলেটগামী একটি পিকআপ ভ্যান সিলেটমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাচালক ও চার যাত্রী আহত হন। আহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত অপর তিনজনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামাল উদ্দিন।









