সমাবর্তনে ফিলিস্তিনের পক্ষে সাহসী বক্তব্য : প্রশংসায় ভাসছেন কুয়েতি কিশোরী
আন্তর্জাতিক ডেস্কঃ নিজেদের সমাবর্তন অনুষ্ঠানে ফিলিস্তিন ও মসজিদুল আকসার পক্ষে সাহসী বক্তব্য দিয়ে প্রশংসায় ভাসছেন নোরা গাজি নামের এক কুয়েতি কিশোরী।
শুক্রবার একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নোরা গাজির সাহসিকতার বিষয়টি উঠে আসে।
ফিলিস্তিনের প্রভাবশালী গণমাধ্যম আল কুদস জানায়, ঘটনাটি কুয়েতের আমেরিকান ক্রিয়েটিভিটি একাডেমির। সেখানে শিক্ষার্থীদের সমাবর্তন চলছিল। তাতে বক্তব্য দেয়ার সুযোগ আসে নোরার। সে সময়-ই উপস্থিত অসংখ্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের সামনে ফিলিস্তিন ও আল আকসার পক্ষে আওয়াজ তোলেন তিনি।
এ সময় পিতা-মাতাদের উদ্দেশে নোরা গাজি বলেন, ‘আপনারা আপনাদের সন্তানদের এটা শেখান যে, ফিলিস্তিন অধিকৃত ও মসজিদুল আকসা অবরুদ্ধ। জুলুমের বিষয়ে কোনো নিরপেক্ষতা নেই। হয়ত আপনি মজলুমকে সাহায্য করবেন, নয়ত জালিমদের সাধুবাধ জানাবেন। আমি মজলুমদের সাহায্য করাকে বেছে নিলাম।’
শ্রোতাদের লক্ষ্য করে তিনি আরো বলেন, ‘এখানের কেউ বলবেন, আমার অবস্থান গুরুত্বপূর্ণ নয়। আমি তাতে বলবো, অবশ্যই আমার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এ বিষয়ে আল্লাহর সামনে হিসাব চাইবো।’
নোরা গাজির এই সাহসী বক্তব্যে উপস্থিত শ্রোতারা তাকে করতালির মাধ্যমে সাধুবাদ জানায়। শুধু তাই নয়; গত কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথিবীর নানা প্রান্তের মানুষ শুভেচ্ছা জানাচ্ছে তাকে।
সূত্র : আলকুদস ও ওয়াতান ডটনেট









