মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো, ফ্রান্স, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার মুসলিমরা আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। পবিত্র দুই মসজিদের রক্ষক বাদশা সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঈদের নামাজ আদায় করেছেন মক্কায় অবস্থিত গ্রান্ড মসজিদে। ২০২০ সাল থেকে বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর আজই প্রথম সশরীরে গ্রান্ড মসজিদে উপস্থিত হয়ে তারা নামাজ আদায় করলেন। বাদশা সালমান উপস্থিত হলে আল সাফা প্যালেসে রয়েল কোর্টে তাকে স্বাগত জানান পবিত্র দুই মসজিদের রক্ষকের উপদেষ্টা ও মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল এবং পবিত্র দুই মসজিদের স্পেশাল উপদেষ্টা প্রিন্স আবদুলইল্লাহ বিন আবদুল আজিজ, মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সাউদ বিন নায়েফ বিন আবদুল আজিজ।
এদিন বাদশার সঙ্গে পবিত্র ঈদের নামাজ আদায় করেন ইসলামিক মিলিটারি কোয়ালিশন টু কমব্যাট টেরোরিজমের সামরিক কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল র্যাাচেল শরীফ। নামাজ আদায়ের পর প্রিন্সেস, স্কলার, শেখ, বেসামরিক সিনিয়র কর্মকর্তা ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে মক্কার আল সাফা প্যালেসে শুভেচ্ছা বিনিময় করেন বাদশা সালমান।
এদিন আরব ও মুসলিম বিশ্বের নেতাদের অভিনন্দন বার্তা জানিয়ে ফোন কল রিসিভ করেন বাদশা। ঈদের দিন শুভেচ্ছা জানানোর জন্য তাদেরকে ধন্যবাদ জানান তিনি। তাদেরকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় বাদশা সৌদি আরবের জনগণ ও সারাবিশ্বের মুসলিমদের অভিনন্দন জানান।









