ফ্রান্সের টুল্যো শহরের মেয়রের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
নিউজ ডেস্কঃ ফ্রান্সের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর টুল্যোতে অবস্থানরত বাংলাদেশিদের পৌর সুবিধা এবং মঙ্গলের জন্য কাজ করবে ওই শহরের পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার (১ মার্চ) ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সঙ্গে বৈঠকে একথা বলেন টুল্যো শহরের মেয়র জাঁ-লু মডেঙ্ক। ওই অঞ্চলের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করেন রাষ্ট্রদূত।
দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যারিসের পরে সবচেয়ে বেশি বাংলাদেশি থাকে টুল্যো শহরে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অবদানকে স্বীকার করে পৌর কর্তৃপক্ষ।
ফ্রান্সে প্যারিস শহরের বাইরে এটাই রাষ্ট্রদূতের প্রথম সফর। তিনি মেয়রকে তার শহরে একটি বিনিয়োগ সেমিনার এবং একই সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য প্রদর্শনী করার প্রস্তাব দেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির উদযাপন নিয়েও আলোচনা করেন রাষ্ট্রদূত।
এছাড়া একটি বাংলা স্কুল ও সংস্কৃতিক কেন্দ্র এবং একটি মসজিদ তৈরির জন্য মেয়রের প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত। এর জবাবে মেয়র তার অফিসের পূর্ণ সহায়তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন রাষ্ট্রদূতকে।
ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে উভয় দেশের ব্যবসায়ীদের যোগাযোগ বৃদ্ধির উপর দিয়ে রাষ্ট্রদূত সম্ভাব্য ব্যবসায়িক খাত নিয়ে আলোচনা করেন।











