কুমিল্লায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে বেগম জাহান আরা বৃত্তি প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগাড়া সৈয়দ বাড়ীর সৈয়দা রানী মা ফাউন্ডেশনের আয়োজনে গতকাল বুধবার সকালে কুমিল্লা জিলা স্কুল মিলনায়তনে বৃত্তির অর্থ তুলে দেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে জানানো হয় ১০ জন শিক্ষার্থী প্রতি মাসে এ শিক্ষাবৃত্তির অর্থ পাবেন।
কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার মোচাগাড়া সৈয়দ বাড়ীর সৈয়দা রানী মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা সুফিয়া আক্তার (রানী)।
সৈয়দা সুফিয়া আক্তার জানান, তার মা বেগম জাহান আরা এক মহীয়সী নারী ছিলেন। জীবদ্দশায় জাহান আরা বহু এতিম অসহায় শিক্ষার্থীদের লেখাপড়া করিয়েছিলেন। বাবা ছিলেন একজন সরকারী কর্মকর্তা। শিক্ষানুরাগী মায়ের স্মৃতি রক্ষার্থে ফাউন্ডেশন গঠন করেন। এ ফাউন্ডেশন থেকে অসহায় মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহন করা হবে।









