মালদ্বীপ সফরের শেষ দিন ব্যস্ত সময় কাটালেন সেনাপ্রধান
নিউজ ডেস্কঃ মালদ্বীপ সফরের শেষ দিন গতকাল বুধবার সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ)-এর সদর দপ্তরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি এবং চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন।
আইএসপিআর জানায়, এমএনডিএফ-এর সদর দপ্তরে পৌঁছলে সেনাপ্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অব ডিফেন্স ফোর্সসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান।
প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের মধ্যে সেনাবাহিনীর সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। পরে চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল-এর সাথে দ্বিপাক্ষিক সাক্ষাতে দুই দেশের সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পারিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আলোচনা করেন সেনাপ্রধান।
এ ছাড়া জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ চিফ অব ডিফেন্স ফোর্স এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তিনি মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের উপস্থিত সকল অফিসার এবং জেসিওদের সাথে মতবিনিময় সভাতেও অংশগ্রহণ করেন এবং সেখানে বক্তব্য রাখেন। রাতে সেনাপ্রধানের সম্মানে মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স নৈশভোজের আয়োজন করে। সেখানে সেনাপ্রধান প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে নিয়ে যোগ দেন।
মালদ্বীপে সেনাপ্রধানের এই সফরের মধ্য দিয়ে উভয় দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতার বন্ধন আরো সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।











