ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস
নিউজ ডেস্ক: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিবসটি উপলক্ষে প্রতিবারের মতো এবারও রাজধানীতে জশনে জুলুস (র্যালি) করেছে আঞ্জুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভাণ্ডারীয়া। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে সড়কে জশনে জুলুস বের হয়।

সকাল থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে থাকেন মাইজভাণ্ডারীর অনুসারীরা। দিনটি পালন করতে সারাদেশ থেকে আসেন অনুসারীরা। মাইজভাণ্ডার দরবার শরিফের সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানীর নেতৃত্বে মাইজভাণ্ডারির অনুসারীরা জশনে জুলুসে অংশ নেন। এছাড়া জশনে জুলুসে অংশগ্রহণকারীদের হাতে কলেমা তৈয়াবা, জাতীয় পতাকা, আঞ্জুমানের পতাকা এবং নানা ধরনের বাণী ও স্লোগান লিখিত ব্যানার ও ফেস্টুন ছিল। মাইজভাণ্ডারির অনুসারীদের নারায়ে তাকবির, নারায়ে রেসালাত ও গাউসিয়তের ধ্বনিতে প্রকম্পিত হয় চারপাশ।

জশনে জুলুস শেষে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে করছে আঞ্জুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভাণ্ডারীয়া। আয়োজক সংগঠন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও আন্তর্জাতিক সূফি ঐক্য সংহতির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান অনলাইনে এবং শাহসূফি সৈয়দ মইনুদ্দীন আহমদ সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিদেশের ধর্মীয় নেতা, বুদ্ধিজীবী, সুফি, দার্শনিকরা উপস্থিত আছেন।
প্রসঙ্গত, প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে একইদিনে ইহলোক ত্যাগ করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিজরি সনের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া, আশেকানে মাইজভান্ডারী অ্যাসোসিয়েশন, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া, বাংলাদেশ মাইজভান্ডারী ফোরাম, ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে বিভিন্ন কর্মসূচি পালন করছে।











