খাদ্য ঘাটতি সামলাতে কর্মকর্তাদের নির্দেশ কিমের
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিং জং-উন দেশটির কর্মকর্তাদের খাদ্য ঘাটতি মেটানোর জন্য কাজ করতে বলেছেন। সেই সাথে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়টিও সামনে এনেছেন। গত বছর দেশটিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় টাইফুনে। চলতি বছরও অতিরিক্ত খরা ও বৃষ্টিপাতের কারণে ফসলের ক্ষতি হয়েছে।
কিং জং-উন বলেছেন, ‘অস্বাভাবিক জলবায়ু’ মোকাবেলা করতে পদক্ষেপ নিতে হবে। সেই সাথে তিনি কর্মকর্তাদের খরা এবং বন্যা মোকাবেলার জন্যও কাজ করতে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের পলিতবুরোতে বক্তব্য দেয়ার সময় বিষয়গুলো তুলে ধরেন তিনি।
কিম বলেন, জলবায়ু পরিবর্তনের ‘বিপদ’ সাম্প্রতিক বছরগুলোতে প্রকট আকার ধারণ করেছে। এজন্য ‘জরুরি পদক্ষেপ’ নিতে হবে।
তিনি দেশটির বন্যা ব্যবস্থাপনা কাঠামোর উন্নতির কথাও বলেন। নদীর উন্নতি, নদীভাঙন রোধের জন্য বৃক্ষরোপণ, বাঁধ রক্ষণাবেক্ষণের উপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি উত্তর কোরিয়ার অর্থনীতিতে ধস নেমেছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে। সেই সাথে করোনা প্রতিরোধের জন্য সীমান্ত বন্ধ, কঠোর লকডাউনও দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। সীমান্ত বন্ধ রাখার কারণে চীন থেকে আমদানি ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
কিম জং-উন বলেছেন, ‘মহামারি প্রতিরোধে কঠোর নীতিতে এক মুহূর্তের জন্যও ছাড় দেয়া যাবে না।’
কয়েকদিন আগে জাতিসংঘ জানায়, উত্তর কোরিয়া তিন মিলিয়ন করোনা টিকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
একজন মুখপাত্র বলেছেন, ‘যেসব দেশে করোনা পরিস্থিতি খারাপ এবং ভ্যাকসিন পাচ্ছে না সেসব দেশে উত্তর কোরিয়া এই ভ্যাকসিন পাঠাতে বলেছে।’









