প্রধানমন্ত্রী জেলা পরিষদ আরও শক্তিশালী করেছেন: এলজিআরডি মন্ত্রী
নিউজ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। থেমে নেই উন্নয়ন। দেশের উন্নয়নে প্রতিটি জেলা পরিষদ ভূমিকা রাখছে। জননেত্রী শেখ হাসিনা জেলা পরিষদ সচল ও আরও শক্তিশালী করেছেন।
রাজশাহী জেলা পরিষদ নবনির্মিত ভবনের উদ্বোধনকালে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এই কথা বলেন। রাজশাহী নগরীর কোর্ট চত্বরে রাজশাহী জেলা পরিষদের দৃষ্টিনন্দন বহুতল ভবনের উদ্বোধন করা হয়। ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষভাবে রাষ্ট্র পরিচালনার জন্য আজ বাংলাদেশ একটি অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে এসে দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে।
ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে আরও যোগ দেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন- অনুষ্ঠানের সভাপতি রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন: রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদসহ নগরীর বিশিষ্ট রাজনৈতিক ও সুধীসমাজের ব্যক্তিবর্গ এবং রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।









