সাংবাদিক হাবিব আল জালাল’র জানাযা ও দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাবিব আল-জালাল এর নামাজে জানাজা শেষে সোমবার সকাল ১০টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের বলারামপুর কেন্দ্রীয় ঈদগাহের পাশের গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, পাড়া প্রতিবেশী ও তার আত্মীয় স্বজনরা অংশগ্রহণ করেন।
তিনি দীর্ঘদিন থেকে কিডনি, হার্ট ও ডায়াবেটিস জনিত রোগের কারণে কয়েকদিন আগে কুমেক হাসপাতাল সহ নগরীর একাধিক হাসপাতালে আইসিইউতে রেখে চিকিৎসা শেষে অবস্থার অবনতি ঘটলে ঢাকায় নেয়া হয়। ১ আগষ্ট রোববার সন্ধায় ঢাকায় একটি বেসামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩ মেয়ে, ৩ ভাই, ৩ বোনসহ বহু আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে যান। তিনি জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
তার মৃত্যুতে কুমিল্লায় কর্মরত প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং কুমিল্লা প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার, কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা, প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ৭১ টিভির জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, সিটিভি নিউজ ২৪ এর সম্পাদক ওমর ফারুকী তাপস, কুমিল্লা কন্ঠের সম্পাদক কামাল হোসেন, প্রথম আলোর কুমিল্লা জেলা প্রতিনিধি গাজীউল হক সোহাগ, সিনিয়র সাংবাদিক এম সাদেক, চেতনা একাত্তর নিউজ এর সম্পাদক মাইনুল হক প্রমুখ।










