ইসরাইলে বাহরাইনের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানালেন বাদশাহ
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলে নিযুক্ত বাহরাইনের রাষ্ট্রদূত খালেদ ইউসুফ আল-জালাহমাহকে অভিনন্দন জানিয়েছেন দেশটির বাদশাহ হামাদ বিন ইসা আল-খলিফা। মঙ্গলবার ইসরাইলে দায়িত্বপ্রাপ্ত বাহরাইনি কূটনীতিক মিশনের সদস্যরা বাদশাহর সাথে সাক্ষাতে গেলে তিনি তাদের অভিনন্দিত করেন।
পরে বাদশাহর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত খালেদ ইউসুফ আল-জালাহমাহকে বাদশাহ অভিনন্দন জানিয়েছেন।
এতে আরো বলা হয়, বাদশাহ রাষ্ট্রদূতের প্রতি তার সর্বোচ্চ সমর্থন প্রকাশ করেছেন এবং শান্তি, সহনশীলতার মূল্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে বাহরাইনের বার্তা পৌঁছাতে তার সর্বোচ্চ সাফল্য কামনা করেন।
এর আগে এই বছরের মার্চে আল-জালাহমাহকে ইসরাইলে বাহরাইনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়। ইসরাইলের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি আশকেনজাই এই নিয়োগের বিষয়ে অনুমোদন দেন।
গত বছরের সেপ্টেম্বরে কথিত ‘ইবরাহীমি চুক্তির’ মাধ্যমে ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ইসরাইলে তাদের রাষ্ট্রদূত হিসেবে মোহাম্মদ আল-খাজাকে পাঠায়। এবার বাহরাইনও ইসরাইলে তাদের রাষ্ট্রদূত পাঠাচ্ছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর









