গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
ডেস্ক নিউজ: স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজ রবিবার বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা লীগ ও আওয়ামী মৎস্যজীবী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা বঙ্গবন্ধুসহ ৭৫ ’এ নিহত সকলের আত্মার শান্তি কামনায় পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও নব-নির্বাচিত পৌর-মেয়র শেখ তোজাম্মেল হক (টুটুল) সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়াস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখানে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান শেষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রুহুল আমীন, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার সম্পাদক ইলিয়াস হক, শিক্ষা-বিষয়ক সম্পাদক লতিফা জামাল চৌধুরী এবং যুব ও ক্রীড়া সম্পাদক এ্যাডভোকেট শাহানাজ পারভীন লিপি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। বিকেল ৪টায় সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলার অন্যান্য উপজেলাতেও একইভাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে কর্মসূচী পালিত হয়েছে।











