কুমিল্লায় ২৭ হাজার পিস ইয়াবাসহ আটক ৩, ট্রাক জব্দ
প্রেস রিলিজ: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সুয়াগঞ্জ বাজারস্থ ঢাকা-চট্রগ্রাম গামী মহাসড়কে হোটেল রায়হান স্টোর এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি ট্রাকে করে ইয়াবা পরিবহনকালে তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময়ে উক্ত ট্রাক তল্লাশি করে ২৭,০৪০ (সাতাশ হাজার চল্লিশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, নোয়াখালী জেলার হাতিয়া থানার বীরবীরি গ্রামের সাইফুল ইসলাম এর ছেলে মোঃ মেহেরাজ হোসেন (২৪), কক্সবাজার জেলার টেকনাফ থানার কচুবনিয়া গ্রামের জহির আহম্মেদ এর ছেলে মোঃ মহিউদ্দিন (১৯), ও চট্টগ্রাম জেলার বাশখালী থানার শেখের খিল গ্রামের মৃতঃ লালু মিয়া এর ছেলে মোঃ আমির হোসেন (২৬)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেজর তালুকদার নাজমুছ সাকিব।









