বঙ্গবন্ধুর বাকি খুনিদের বাংলার মাটিতে এনে রায় কার্যকর করতে হবে: আরফানুল হক রিফাত
নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্টের রাতে বাংলাদেশের সোনালী ভবিষ্যতকে ধ্বংস করার লক্ষ্যে ততকালীন সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল সদস্য জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে বাঙ্গালী জাতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় যোগ করেছিলো। সে কাল রাতে ঘটিয়েছিলো নির্মম-নৃশংস হত্যাকান্ড, হত্যা করেছিলো জাতির বিবেক কে। যারা এ হত্যাকান্ড করেছেন, আমরা তাদের বিচারের দাবী করেছিলাম। ইতিমধ্যে এ হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত আসামীদের কয়েকজনের ফাঁসি রায় কার্যকর করা হয়েছে, এখনো যারা পলাতক রয়েছে তারা যেখানেই থাকুক তাদেরকেও গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করতে হবে। আমরা এ দাবী জানাই জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে।
তিনি আরো বলেন, এবছর শুধু জাতির জনক বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পার্ঘ্য দিয়েই কর্মসূচী শেষ করবোনা। বিশ্বে মহামারী আকার ধারন করা করোনা ভাইরাসের এ ভয়াবহ দিনগুলিতে এমপি বাহার যেভাবে কুমিল্লার মানুষের পাশে দাড়িয়েছেন। আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবছর ১৫ আগষ্টে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ঘোষনা দিয়েছেন তার নিজস্ব অর্থায়নে দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচীর এবং নগরীর ২৭টি ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগকে নির্দেশনা দিয়েছেন এদিনে দুঃস্থ মানুষের পাশে দাড়াতে।
কুমিল্লার এই বর্ষিয়ান নেতা বলেন, কুমিল্লার সদর আসনের সাংসদ বাহাউদ্দিন বাহার এ সকল কর্মসূচীর মাধ্যমে তিনি জানান দিতে চান, ১৫ আগষ্ট কালরাতে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা এখনো বাংলার বুকে বাংলার মানুষের পাশে আছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে জাতির জনকের স্নেহের তনয়া মুজিব কণ্যা জননেত্রী শেখ হাসিনার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাবো।









