11177

বন্যায় ৯ হাজার ২২১ টন চাল বিতরণ করেছে সরকার

নিউজ ডেস্ক: অতিবর্ষণের কারণে সৃষ্ট বন্যায় দেশের ৩৩টি জেলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে নয় হাজার ২২১ মেট্রিক টন চাল বিতরণ করেছে সরকার। বিতরণের জন্য মোট বরাদ্দ দেওয়া হয়েছে ১৪ হাজার ৪১০ মেট্রিক টন চাল।

রোববার (০২ আগস্ট) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বন্যাকবলিত জেলাগুলোর জেলা প্রশাসন থেকে ১ আগস্ট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তিন কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে এ পর্যন্ত বিতরণ করা হয়েছে দুই কোটি ২৯ লাখ ০৮ হাজার ৭০০ টাকা। শিশুখাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে এক কোটি ১০ লাখ টাকা এবং এ পর্যন্ত ৬২ লাখ ৫৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গোখাদ্য কেনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে দুই কোটি ৭৮ লাখ টাকা এবং বিতরণের পরিমাণ এক কোটি ২০ লাখ ছয় হাজার টাকা।

ads

শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ ৫২ হাজার এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে এক লাখ ১১ হাজার ৯২২ প্যাকেট।
এছাড়া ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে ৩০০ বান্ডল এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১০০ বান্ডল, গৃহ মঞ্জুরি বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে নয় লাখ টাকা এবং এর মধ্যে বিতরণ করা হয়েছে তিন লাখ টাকা।

তথ্য বিবরণীতে আরো জানানো হয়, বন্যাকবলিত জেলাগুলোতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এক হাজার ৫৩৩টি। আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোক সংখ্যা ৬৩ হাজার ৪০৯। আশ্রয়কেন্দ্রে আনা গবাদি পশুর সংখ্যা ৭৮ হাজার ৪৬। বন্যাকবলিত জেলাগুলোতে ৯৬৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এর মধ্যে বর্তমানে চালু আছে ৩৯৯টি।

ads

বন্যাকবলিত ৩৩টি জেলা হচ্ছে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ।

বন্যাকবলিত উপজেলার সংখ্যা ১৫৯টি এবং ইউনিয়নের সংখ্যা ১০১৯টি। এসব এলাকায় মোট পানিবন্দি পরিবারের সংখ্যা ১১ লাখ ১৪ হাজার ৫০৮। আর ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৪ লাখ ৪০ হাজার ৩৩১। বন্যায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪৩। এর মধ্যে জামালপুরে ১৫ জন, লালমনিরহাটে একজন, সুনামগঞ্জে তিনজন, সিলেটে একজন, কুড়িগ্রামে নয়জন, টাঙ্গাইলে চারজন, মানিকগঞ্জে দু’জন, মুন্সীগঞ্জে একজন, গাইবান্ধায় একজন, নওগাঁয় দু’জন, সিরাজগঞ্জে দু’জন এবং গোপালগঞ্জে দু’জন মৃত্যুবরণ করেছেন।

ad

পাঠকের মতামত