সাংবাদিকদের সাথে ররুড়া পৌর মেয়রের মতবিনিময় সভা
মাইনুল হক: বুধবার (২৯ জুলাই) সকালে বরুড়া পৌর মেয়র মোঃ জসিম উদ্দিন পাটোয়ারীর সাথে বরুড়ার কর্মরত সাংবাদিকদের পৌর কম্পাউন্ডে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বেশ কয়েকজন সাংবাদিক তাদের বক্তব্য তুলে ধরেন।
পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী তার বক্তব্যে বলেন, বরুড়া আসনের মাননীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল এর সাথে বরুড়া পৌর এলাকায় পঞ্জীভূত সমস্যা সমাধানে আমি বদ্ধপরিকর। পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা প্রদানে কাজ করে যাচ্ছি। পানিবদ্ধতা নিরসন, যানজট, হাটবাজার উন্নয়ন, ড্রেনেজ সমস্যা দূরীকরণ, অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ, শিক্ষার উন্নয়ন এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে আমি দৃঢ়প্রতিজ্ঞ। বরুুড়া পৌরসভার সার্বিক উন্নয়নে আমি সমাজের বিভিন্ন পেশাজীবীর সহযোগিতা কামনা করছি। এ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাচলের জন্য সকলকে অনুরোধ করছি। পবিত্র ঈদুল আযহার নামাজ মসজিদে সামাজিক দুরুত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে নামাজ আদায় করবেন আশা রাখছি।
মত বিনিময় সভা শেষে মেয়র বরুড়া পৌরসভার ১৩০টি মসজিদের জন্য হ্যান্ড স্যানেটাইজার, মাস্ক, সাবান ও ব্লিসিং পাউডার বিতরণ করেন এবং সাংবাদিকদের করোনা ভাইরাস প্রতিরোধের সরঞ্জাম তুলে দেন।
মতবিনিময় সভায় পৌর সচিব মোঃ আমজাদ হোসেন, হিসাব রক্ষক মোঃ মিজানুর রহমান, অফিস সহকারী মোঃ সগির হোসেনসহ সকল কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।









