65484

বিশ্বকাপ ফাইনাল দেখতে যাচ্ছেন ট্রাম্প

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের মূল আয়োজক যুক্তরাষ্ট্র। তবে ফুটবল মাঠে দেখা যায়নি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আর্জেন্টিনা-স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসবেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ তথ্য জানিয়েছেন।

ads

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা রোববারের ফাইনাল ম্যাচের অপেক্ষায় আছি। আমি জানি, প্রেসিডেন্টও সেখানে উপস্থিত থাকার জন্য উন্মুখ। তার (ট্রাম্প) উপস্থিতি এমন একটি বিশ্বকাপের সমাপ্তি ঘটাবে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্ক এলাকার নিউইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই মহারণ।

ads

এর আগে গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন ট্রাম্প। সেবার চেলসি ও প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) মধ্যকার ম্যাচ শেষে ইংলিশ ক্লাবটির হাতে ট্রফি তুলে দেন তিনি।

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের পছন্দের দল কোনটি—এ বিষয়ে জানতে চাইলে লেভিট বলেন, তিনি তা জানেন না। তবে সাংবাদিকদের ট্রাম্পকেই এ বিষয়ে প্রশ্ন করার পরামর্শ দেন তিনি। লেভিট বলেন, ‘আমি নিশ্চিত, তিনি আপনাদের জন্য মজার কোনো উত্তর দেবেন।’

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুক্রবার নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে আয়োজিত ফিফার একটি সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন বলে জানিয়েছেন লেভিট।

ad

পাঠকের মতামত