65329

ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: জোড়া গোল করে আবারও ব্রাজিলের জয়ে বড় ভূমিকা রাখলেন ভিনিসিয়ুস জুনিয়র। তার দুর্দান্ত নৈপুণ্যে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সেলেসাওরা। ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। তরুণ উইঙ্গার রায়ানের চাপে স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাকেনা বল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সুযোগ লুফে নেন ভিনিসিয়ুস জুনিয়র। গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে সহজেই বল জালে পাঠান তিনি।

ads

২৫ মিনিটে আবারও স্কটল্যান্ডের জালে বল পাঠান ভিনি। তবে ভিএআর পর্যালোচনায় গোলের আগে ফাউলের প্রমাণ পাওয়ায় সেটি বাতিল করা হয়।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি ঠিকই আদায় করে নেন ব্রাজিলিয়ান এই তারকা। ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। চলতি বিশ্বকাপে এটি ভিনিসিয়ুসের চতুর্থ গোল।

ads

বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে ব্রাজিল। ম্যাচের ৬০ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে ব্রুনো গিমারাইসের পাস কাজে লাগিয়ে তৃতীয় গোল করেন ম্যাথিউস কুনহা। চলতি আসরে এটি তার তৃতীয় গোল।

ম্যাচের ৭৫ মিনিটে দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে মাঠে নামেন নেইমার। দীর্ঘ ২ বছর ৮ মাস, অর্থাৎ ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরেন এই সুপারস্টার। তার প্রত্যাবর্তন পুরো স্টেডিয়ামজুড়ে বাড়তি উন্মাদনা সৃষ্টি করে।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’র শীর্ষস্থান নিশ্চিত করে সেলেসাওরা। সমান ৭ পয়েন্ট পাওয়া মরক্কো গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থান অর্জন করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় নকআউট পর্বে তুলনামূলক সুবিধাজনক অবস্থান থেকে অভিযান শুরু করবে ব্রাজিল। নেইমারের প্রত্যাবর্তন, ভিনিসিয়ুসের দুর্দান্ত ফর্ম এবং দলের ক্রমবর্ধমান আত্মবিশ্বাস—সব মিলিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে আরও একবার জানান দিল কার্লো আনচেলত্তির দল।

ad

পাঠকের মতামত