জ্বালানি বিনিয়োগ ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে বৈঠকে বসবেন জাপান ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: জাপান ও যুক্তরাজ্য আসন্ন একটি দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে একটি অর্থনৈতিক নিরাপত্তা চুক্তি ঘোষণা করার পরিকল্পনা করেছে। বিভিন্ন সূত্র জানাচ্ছে, এই চুক্তিতে নিয়মভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার প্রতি সমর্থন এবং জ্বালানি প্রকল্পে সহযোগিতা অন্তর্ভুক্ত থাকবে।
জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে এবং তার ব্রিটিশ প্রতিপক্ষ কিয়ের স্টারমারের রবিবার লন্ডনে বৈঠক করার কথা রয়েছে।
দৃশ্যত চীন প্রসঙ্গে, নেতারা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের উপর যথেচ্ছ রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। একটি খসড়া নথিতে বলা হচ্ছে, অর্থনৈতিক জবরদস্তি মোকাবিলায় দুই দেশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এই দলিলে সমুদ্রগর্ভস্থ বিদ্যুৎ উৎপাদন এবং পরবর্তী প্রজন্মের পারমাণবিক চুল্লি বিষয়ক গবেষণায় সহযোগিতা সম্প্রসারণের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।
একই সময়ে, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানসহ চারটি জাপানি কোম্পানি আগামী ১০ বছরে যুক্তরাজ্যের সাতটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে যোগ দেওয়ার ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।











