ওপেনএআইয়ে রাষ্ট্রীয় মালিকানার ইঙ্গিত ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মালিকানা ও জনস্বার্থের অংশীদারিত্ব নিয়ে নতুন আলোচনার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্র সরকারের সম্ভাব্য মালিকানা অংশীদারিত্ব নিয়ে আলোচনা চলছে। এর মাধ্যমে এআই প্রযুক্তি থেকে অর্জিত অর্থনৈতিক সুবিধা সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে এমন ধারণা নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে মার্কিন জনগণ সরাসরি এসব কোম্পানির সুবিধাভোগী হতে পারে। সম্ভাব্য এই কাঠামোর অংশ হিসেবে একটি ‘পাবলিক ওয়েলথ ফান্ড’ গঠনের কথাও উঠেছে, যার আয় নাগরিকদের মধ্যে বিতরণ করা হতে পারে।
অন্যদিকে, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ২০২৫ সালের শুরু থেকেই বড় এআই কোম্পানিতে রাষ্ট্রীয় অংশীদারিত্বের ধারণা নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ।
এদিকে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স এআই কোম্পানিগুলোর ওপর বিশেষ ধরনের কর আরোপের প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাব অনুযায়ী, ওপেনএআই, অ্যানথ্রপিক ও এক্সএআইয়ের মতো প্রতিষ্ঠানগুলোকে শেয়ারভিত্তিক এককালীন বড় অঙ্কের কর দিতে হতে পারে, যা জনকল্যাণে ব্যবহার করা হবে।
তবে এই ধরনের উদ্যোগ নিয়ে সমালোচনাও রয়েছে। প্রযুক্তি বিনিয়োগকারী ডেভিড স্যাকস সতর্ক করে বলেছেন, এ ধরনের নীতি সরকার ও বেসরকারি প্রযুক্তি কোম্পানির মধ্যে অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি করতে পারে, যা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে।
বিশ্লেষকদের মতে, এআই শিল্প দ্রুত সম্প্রসারিত হওয়ায় এখন এর মালিকানা কাঠামো, নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ—সবকিছু নিয়েই নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে।










