ভিসার নিয়মে হঠাৎ পরিবর্তন আনল ভারত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে দীর্ঘদিন অবস্থান করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসার নিয়মে হঠাৎ বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক যদি ভারতে ১৮০ দিনের বেশি অবস্থান করতে চান, তবে তাকে ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ভারতের কেন্দ্রীয় সরকার ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’ সংশোধন করে এই নতুন নিয়ম চালু করেছে। আগে ১৮০ দিন পূর্ণ হওয়ার পর নিবন্ধন করার সুযোগ থাকলেও, এখন সেই সুযোগ আর থাকছে না।
নতুন সংশোধনী অনুযায়ী, যেসব বিদেশি নাগরিক ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন, কিন্তু পরে সেখানে অবস্থানকাল বাড়াতে চান, তাদের অবশ্যই ১৮০ দিন শেষ হওয়ার আগে যে কোনো সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে।
আগের নিয়ম অনুযায়ী, ভারতে পৌঁছানোর পর ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে নিবন্ধন করার আইনি বাধ্যবাধকতা ছিল। নতুন নিয়মে এই সময়সীমা বাতিল করে ১৮০ দিন পার হওয়ার আগেই নিবন্ধন করার নিয়ম সুনির্দিষ্ট করে দেওয়া হলো।
এছাড়া যেসব বিদেশির ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি, কিন্তু শর্ত থাকে যে প্রতিবার সফরের সময় একটানা ১৮০ দিনের বেশি থাকা যাবে না—তাদের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ, একটানা থাকার মেয়াদ ১৮০ দিন পার হওয়ার আগেই তাদের নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হবে।
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর নিবন্ধন করার বিষয়টি এখন থেকে অত্যন্ত জরুরি বা আপৎকালীন পরিস্থিতি ছাড়া কোনোভাবেই বিবেচনা করা হবে না।
সূত্র: এনডিটিভি










