হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে সহায়তায় ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে আশ্বস্ত করেছেন যে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সহজ ও নিরাপদ করতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত।
সোমবার (১ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
এর আগে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত ও নির্বিঘ্ন রাখার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে দুই নেতার মধ্যে এক ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।
ফোনালাপে পেজেশকিয়ান বলেন, মূল সমস্যা তৈরি হয়েছে ইরানের জাহাজ চলাচল ও বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা এবং বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে।
তিনি আরও বলেন, জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ইরান জাপানি জাহাজগুলোর জন্য নিরাপদ ও সহজ পথ নিশ্চিত করতে কাজ করবে, যাতে তারা কোনো ধরনের বাধা ছাড়াই চলাচল করতে পারে।











