65014

চলতি হজ শেষ হওয়ার আগেই আগামী বছরের প্রস্তুতি সম্পন্ন: সৌদি হজ মন্ত্রী

নিউজ ডেস্ক: চলতি মৌসুম শেষ হওয়ার আগেই আগামী বছরের হজ মৌসুমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ। তিনি জানান, বিভিন্ন সরকারি সংস্থা, হজ বিষয়ক কার্যালয় এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি সমন্বিত কাঠামোর মাধ্যমে এই প্রস্তুতি নেওয়া হয়। মূলত হজযাত্রীদের সেবার মান বাড়ানো এবং কার্যক্রমের গতিশীলতা নিশ্চিত করতেই এই আগাম উদ্যোগ।

বুধবার (২০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মেডিকেল সার্ভিসেস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আয়োজিত হজ স্বাস্থ্য ও নিরাপত্তা ফোরামের তৃতীয় সংস্করণের এক প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।

ads

মন্ত্রী জানান, পরবর্তী হজের প্রস্তুতি মূলত শুরু হয় জিলহজ মাসের ১২ তারিখ থেকেই। ওইদিন বিভিন্ন দেশের হজ কার্যালয়ের প্রধান এবং সেবা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে বৈঠকের মাধ্যমে আগামী বছরের জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি করা হয়। অর্থাৎ চলতি মৌসুম আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগেই পরের বছরের কাজের রূপরেখা চূড়ান্ত হয়ে যায়।

তৌফিক আল-রাবিয়াহ আরও উল্লেখ করেন যে, গত মৌসুম থেকেই মন্ত্রণালয় ৭৮টি দেশের সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী একটি বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর আওতায় পবিত্র স্থানগুলোর ব্যবস্থাপনা, মক্কা ও মদিনায় আবাসন, পরিবহন, খাবার এবং বিমান পরিষেবাসহ যাবতীয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। এছাড়া হজ সংশ্লিষ্ট অফিসগুলোর প্রস্তুতির খোঁজ নিতে এবং পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণে নিয়মিত ভার্চুয়াল বৈঠক করা হচ্ছে বলেও জানান তিনি।

ads
ad

পাঠকের মতামত