64964

রাজকীয় আয়োজনে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের রাজা রাজা তৃতীয় চার্লস বুধবার ১৩ মে রাজকীয় ঐতিহ্যবাহী ‘স্টেট ওপেনিং অব পার্লামেন্ট’-এ অংশ নিতে বাকিংহাম প্যালেস থেকে আইরিশ স্টেট কোচে যাত্রা করেন। ১৮৫২ সাল থেকে পার্লামেন্টের অধিবেশন উদ্বোধনে ব্যবহৃত হয়ে আসছে এই ঐতিহাসিক রাজকীয় গাড়িটি।

সংবাদমাধ্যম বিবিসি ও এনসিবি নিউজ তাদের প্রতিবেদনে এইসব তথ্য জানিয়েছে।

ads

হাউজ অফ পার্লামেন্ট-এ পৌঁছে রাজা ইম্পেরিয়াল স্টেট ক্রাউন পরে ‘দ্য কিংস স্পিচ’ প্রদান করেন। এই মুকুটে প্রায় তিন হাজার মূল্যবান পাথর যার মধ্যে ২ হাজার ৮৬৮টি হীরা, ২৭৩টি মুক্তা, ১৭টি নীলা, ১১টি পান্না এবং ৫টি রুবি রয়েছে।

১৯৩৭ সালে রাজা ষষ্ঠ জর্জের অভিষেক উপলক্ষে তৈরি করা হয়েছিল এই মুকুট। এটি আগের রানী ভিক্টোরিয়ার সময়কার মুকুটের তুলনায় হালকা ও আরামদায়কভাবে তৈরি হলেও এর ওজন এখনো প্রায় ১ দশমিক ৬ কেজি।

ads

এদিকে রাজকীয় ঐতিহ্যের আড়ালে তীব্র রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। ক্ষমতাসীন লেবার পার্টির ৮০ জনের বেশি আইনপ্রণেতা তার পদত্যাগ দাবি করেছেন। ধারাবাহিক নীতিগত ভুল ও অবস্থান পরিবর্তনের কারণে সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে দলের খারাপ ফলের পর তার নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে সংকটের মধ্যেও নির্ধারিত আয়োজন বন্ধ হয়নি। রাজা পার্লামেন্টে সরকারের প্রস্তুত করা ভাষণ পাঠ করেন, যেখানে আগামী অধিবেশনের নীতিগত অগ্রাধিকার তুলে ধরা হয়।

রয়্যাল হলোওয়ে, লন্ডন বিশ্ববিদ্যালয়-এর সাংবিধানিক বিশেষজ্ঞ ক্রেইগ প্রেসকট বলেন, রাজা স্টারমারের ভাষণ পড়লেও আগামী এক বছরের মধ্যে স্টারমার সরকারপ্রধান থাকবেন কি না, তা নিয়ে গভীর অনিশ্চয়তা রয়েছে।

স্টারমারের প্রধান প্রতিদ্বন্দ্বীদের একজন হিসেবে আলোচনায় রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। বুধবার সকালে তিনি ১০ ডাউনিং স্ট্রিট-এ স্টারমারের সঙ্গে বৈঠক করলেও প্রকাশ্যে কোনো চ্যালেঞ্জ জানাননি।

রাজকীয় এই আয়োজন ব্রিটিশ রাজনৈতিক ইতিহাস ও সাংবিধানিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। ১৫০০ শতাব্দী থেকে চলে আসা এই অনুষ্ঠানেই পার্লামেন্টের তিনটি অংশ নির্বাচিত হাউস অব কমন্স, অনির্বাচিত হাউস অব লর্ডস এবং রাজতন্ত্র একত্রিত হয়।

অনুষ্ঠানের শুরুতে নিরাপত্তার অংশ হিসেবে পার্লামেন্ট ভবনের নিচের কক্ষে প্রতীকী বিস্ফোরক অনুসন্ধান চালানো হয়। এটি ১৬০৫ সালের কুখ্যাত ‘গানপাউডার প্লট’-এর স্মরণে পালন করা ঐতিহ্য, যখন গাই ফকস পার্লামেন্ট উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন।

রাজা চার্লস ঘোড়ায় টানা রাজকীয় গাড়িতে পার্লামেন্টে যান। তার সঙ্গে ছিল শতাধিক গার্ড অব অনার, সামরিক ব্যান্ড ও অশ্বারোহী লাইফ গার্ড সদস্যরা। আলাদা গাড়িতে বহন করা হয় রাজকীয় অলংকার ও মুকুট, যা লন্ডন টাওয়ার থেকে ওয়েস্টমিনস্টারে আনা হয়।

আরেকটি ঐতিহ্য অনুযায়ী, রাজা নিরাপদে ফিরে আসবেন এ নিশ্চয়তা দিতে একজন এমপিকে ‘জিম্মি’ হিসেবে বাকিংহাম প্যালেস-এ রাখা হয়। এবার সেই ভূমিকা পালন করেন সাবেক শিক্ষক ও এমপি নিক ডাকিন।

পরে রাজা স্টেট রোব ও মখমলের কেপ পরে হাউস অব লর্ডসে প্রবেশ করেন। এরপর ‘ব্ল্যাক রড’ নামে পরিচিত রাজদূতকে হাউস অব কমন্সে পাঠানো হয় আইনপ্রণেতাদের ডাকার জন্য। ঐতিহ্য অনুযায়ী তার মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয় এবং তিনবার কড়া নাড়ার পর তাকে প্রবেশ করতে দেওয়া হয়।

এরপর রাজা সরকারের আগামী কার্যক্রম ও আইন প্রণয়নের পরিকল্পনা তুলে ধরেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন এই কর্মসূচি বাস্তবায়নের সময় পর্যন্ত স্টারমার আদৌ ক্ষমতায় থাকতে পারবেন কি না।

ad

পাঠকের মতামত