বিজয় থালাপতিকে অভিনন্দন জানালেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বিজয় থালাপতিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
বিজয়কে উদ্দেশ্য করে দেওয়া ওই বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় থিরু সি জোসেফ বিজয়কে অভিনন্দন। তার আগামী মেয়াদের জন্য শুভকামনা রইল।
এ সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে মোদি আরও বলেন, মানুষের জীবনমান উন্নয়নে তামিলনাড়ু সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার কাজ করে যাবে।
এর আগে, রোববার (১০ মে) সকালে চেন্নাই নেহরু স্টেডিয়ামে ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয় থালাপতি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে রাহুল গান্ধী ও বিজয়কে একসঙ্গে দেখা যায়।
শপথ নেওয়ার পর প্রথম ভাষণে বিজয় নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি বলেন, কোনো রাজকীয় পরিবার থেকে না আসা একজন মানুষ হিসেবেই জনগণ তাকে গ্রহণ করেছে।
বিজয় বলেন, তিনি জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না এবং ‘প্রকৃত ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ’ গড়ে তুলতে কাজ করবেন। একই সঙ্গে তার সরকারের কাজ মূল্যায়নের জন্য জনগণের কাছে যুক্তিসঙ্গত সময়ও চান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাকে ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। আমিই একমাত্র ক্ষমতার কেন্দ্র হব।’ তার এই মন্তব্যকে জোটসঙ্গীদের চাপমুক্ত থেকে সরকার পরিচালনার বার্তা হিসেবে দেখা হচ্ছে।









