ভারত ও ভিয়েতনাম সফরে যাচ্ছেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব সামাল দিতে জ্বালানি সরবরাহ সমন্বয়ের লক্ষ্যে ভারত ও ভিয়েতনাম সফরে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং।
বৃহস্পতিবার দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উই সুং-ল্যাক সাংবাদিকদের বলেন, রোববার তিনি তিন দিনের সফরে ভারতের উদ্দেশে রওনা হবেন। নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন লি।
সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
উই বলেন, অস্থির আন্তর্জাতিক পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ শৃঙ্খল বজায় রাখতে পারস্পরিক সমন্বয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন দুই নেতা।
তিনি আরও বলেন, কোরীয় উপদ্বীপ ও আঞ্চলিক শান্তির স্বার্থে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা করা হবে।
মঙ্গলবার পরে লি হ্যানয়ে পৌঁছাবেন। পরদিন ভিয়েতনামের নেতা তো লামের সঙ্গে বৈঠক করবেন।
উই বলেন, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে কৌশলগত ও পারস্পরিক সহযোগিতা জোরদারে সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন দুই নেতা।
এশিয়ার অনেক দেশের মতো দক্ষিণ কোরিয়াও জ্বালানি সরবরাহ নিয়ে ঝুঁকির মুখে পড়েছে।
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান হামলার পর তেহরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়।
বুধবার সিউল জানায়, প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধের বাইরে থাকা পথ ব্যবহার করে ২৭ কোটির বেশি ব্যারেল অপরিশোধিত তেল সংগ্রহ করবে তারা।
সরকার বলেছে, এ পদক্ষেপ দেশে জ্বালানির সরবরাহ ও চাহিদা স্থিতিশীল রাখতে সহায়তা করবে।











