কাতার থেকে এলএনজি কিনতে ২৭ বছরের চুক্তি স্বাক্ষর করেছে জাপানের জেরা
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান জেরা ২০২৮ সাল থেকে শুরু করে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার জন্য একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে। জেরা জানাচ্ছে যে এই চুক্তি বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পূরণ করতে জ্বালানির একটি স্থিতিশীল উৎস প্রদান করবে।
মঙ্গলবার জেরা জানায় যে তারা রাষ্ট্র পরিচালিত কাতারএনার্জি থেকে ২৭ বছর ধরে বছরে প্রায় ৩ মিলিয়ন টন এলএনজি কিনবে। এটি জাপানের বার্ষিক এলএনজি ব্যবহারের প্রায় ৫ শতাংশ। জেরা ক্রয়মূল্য সম্পর্কে কিছু জানায়নি।
তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য এলএনজি একটি প্রধান জ্বালানি। চার বছর আগে রাশিয়ার ইউক্রেন আক্রমণ বিশ্বব্যাপী সরবরাহ চ্যানেলগুলোকে ব্যাহত করার সময় এর দাম বেড়ে যায়।
সৃজনশীল কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ডেটা সেন্টারগুলোতে বিদ্যুতের চাহিদা বাড়িয়ে তোলায় এলএনজির স্থিতিশীল সরবরাহ এখন একটি নতুন গুরুত্ব বহন করছে।
কাতারের সাথে জেরার এটি প্রথম চুক্তি নয়। দেশটি থেকে বছরে ৬ মিলিয়ন টনেরও বেশি এলএনজি কেনার জন্য ২০২১ সাল পর্যন্ত তাদের একটি চুক্তি ছিল।











