কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার ১
নিউজ ডেস্ক: র্যাব-১১ এর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ কেজি গাঁজা ও ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোঃ সোহাগ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ সূত্র জানায়, গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুরে র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন মোকাম ইউনিয়নের দুর্গাপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ সোহাগ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উদ্ধার করা হয়।
অপরদিকে, একই তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২-এর আরেকটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর ইউনিয়নের গিলাতলী এলাকায় পৃথক একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ সোহাগ (৪০) কুমিল্লা জেলার বুড়িচং থানার দুবাইচর গ্রামের মোঃ রফিজের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।
র্যাব জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।










