বাংলাদেশ-জার্মানি শিক্ষা ও গবেষণা সহযোগিতায় এএজিইউবি’র উদ্যোগ
নিউজ ডেস্ক: বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দীর্ঘদিনের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশে জার্মান বিশ্ববিদ্যালয়সমূহের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব জার্মান ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ (এএজিইউবি) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গ্যোথে-ইনস্টিটিউটে এক গুরুত্বপূর্ণ আয়োজন সম্পন্ন করেছে।
শনিবার ( ১৭ জানুয়ারি) এ উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ-এর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, একই সঙ্গে অনুষ্ঠিত হয় সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও একটি সেমিনার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্যোথে-ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ফ্রাংক ওয়ার্নার এবং শুরুতেই জার্মান রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানানো হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এএজিইউবি’র অ্যালামনাই সদস্যদের অংশগ্রহণে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েট প্রফেসর ডা. আব্দুল্লাহ আল মামুন খান।
গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যকার শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের ও অত্যন্ত সুদৃঢ়, যা আরও এগিয়ে নিতে জার্মান বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করে যাচ্ছে; তিনি আরও উল্লেখ করেন যে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে আন্তর্জাতিক সহযোগিতা সময়ের অন্যতম দাবি এবং ভবিষ্যতেও এএজিইউবি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধান অতিথির বক্তব্যে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ বাংলাদেশে তাঁর দায়িত্বকালীন অভিজ্ঞতার কথা তুলে ধরে জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধা সম্পর্কে আলোকপাত করেন এবং বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের জার্মান উচ্চশিক্ষার প্রতি আগ্রহের প্রশংসা করেন, পাশাপাশি শিক্ষা ও গবেষণা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত অ্যালামনাই সদস্যরা তাঁদের জার্মানিতে শিক্ষাজীবনের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে এএজিইউবি’র বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।










