62964

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেন তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান।

ads

বাসভবনে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করে ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বেরিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে রাত ৯টা ১৩ মিনিটের দিকে তারেক রহমান ও তাঁর পরিবারকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসটি বের হয়।

ads

অন্তর্বর্তী সরকারের প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে গত রাতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যরা। স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমানসহ তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর কন্যা দিনা ইউনূসের সঙ্গে তাঁরা এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথমবার তারেক রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেন। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

লন্ডনের ডরচেস্টার হোটেলে দুজনের সেই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধি যৌথ বিবৃতি দিয়েছিলেন।
যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এর ১০ দিনের মাথায় গত ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হন তারেক রহমান। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয়।

বিএনপির চেয়ারম্যান হিসেবে গতকালই প্রথম তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।

ad

পাঠকের মতামত