মার্কিন ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার নিয়ে যা বলল কাতার
আন্তর্জাতিক ডেস্ক: কাতারে আল উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে কাতার কর্তৃপক্ষ। কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের দেশটি বলছে ‘আঞ্চলিক উত্তেজনার’ কথা।
কাতার কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা জানিয়েছে, চলমান ‘আঞ্চলিক উত্তেজনার’ প্রেক্ষিতে আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
কাতারের ইন্টারন্যাশনাল মিডিয়া অফিস জানায়, কাতার তার নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে। তাই প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহতভাবে বাস্তবায়ন করে যাচ্ছে।
বিবৃতিতে জানানো হয়, কাতার গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোর সুরক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে। তবে এ সময় সম্ভাব্য হামলা বা কেন তারা এই পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানায়নি।
এরআগে, বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার মাঝে মার্কিন সেনাদের ঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স তিনজন মার্কিন কূটনীতিকের সঙ্গে কথা বলে জানায়, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকারীদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে—ওয়াশিংটনের এমন সতর্কবার্তার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তখন রয়টার্সকে সাড়া দেয়নি।
গত বছর যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা শুরু করার এক সপ্তাহেরও বেশি আগে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো থেকে কিছু কর্মী ও তাদের পরিবারকে সরিয়ে নিয়েছিল। জুনে যুক্তরাষ্ট্রের ওই হামলার পর কাতারে অবস্থিত ঘাঁটিটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এই ঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছে।











