সৌদি আরব গেলেন জামায়াত আমির
নিউজ ডেস্ক: পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সৌদি আরব সফরে গেছেন। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন তার সফরসঙ্গী ও ব্যক্তিগত সচিব নজরুল ইসলাম।
তিনি জানান, এর আগে লন্ডন সফরের সময় ডা. শফিকুর রহমানের ওমরাহ পালনের পরিকল্পনা থাকলেও শরীফ ওসমান হাদির মৃত্যুর কারণে জানাজায় অংশ নিতে তাকে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরতে হয়। সেই পূর্বনির্ধারিত পরিকল্পনার ধারাবাহিকতায় এবার তিনি সৌদি আরবে যান। ঢাকা থেকে সরাসরি মদিনাগামী ফ্লাইটে বুধবার রাতে সেখানে পৌঁছান তিনি।
মদিনায় অবস্থানকালে জামায়াত আমির মসজিদে নববীতে নামাজ আদায় করেন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর রওজা জিয়ারত করেন। পরে বৃহস্পতিবার রাতে তিনি মক্কায় পৌঁছে পবিত্র ওমরাহ পালন করবেন। সফর শেষে শুক্রবার রাতে জেদ্দা হয়ে দেশের পথে রওনা দেওয়ার কথা রয়েছে তার। শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।











