62640

জকসু নির্বাচন: শীর্ষ তিন পদে এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা

নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ। এদিন বিকালে শুরু হওয়া ভোট গণনা আজও দিনভর চলেছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত নির্বাচন কমিশন মোট ২৮ কেন্দ্রের ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করেছেন। ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন ৩ হাজার ৭২৯ ভোট।

ads

অন্যদিকে, রিয়াজুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৩ হাজার ২৯৮ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ হাজার ৮৪২ ভোট পেয়ে এগিয়ে আছেন ‘অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের’ আবদুল আলীম আরিফ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের’ খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৪৬৫ ভোট।

ads

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে ‘অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের’ মাসুদ রানা। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৭ ভোট। একই পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের’ আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ২ হাজার ৯৩৯ ভোট।

নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ, আনিসুর রহমান ও কানিজ ফাতেমা কাকলী ফলাফল ঘোষণা করছেন। তারা জানান, অন্য বিভাগগুলোর ফলাফল গণনা চলছে। ধারাবাহিকভাবে সেগুলো জানিয়ে দেওয়া হবে।

এখন পর্যন্ত ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি, সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স, মার্কেটিং, অনুজীব বিজ্ঞান, দর্শন, বায়োকেমিস্ট্রি, প্রাণীবিদ্যা বিভাগ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, পরিসংখ্যান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, আইন ও ভূমি প্রশাসন, গণিত, ইসলামিক স্টাডিস, গণযোগাযোগ ও সাংবাদিকতা, সংগীত, রসায়ন, মনোবিজ্ঞান, ইংরেজি বিভাগ, আইইআর ইনস্টিটিউট, চারুকলা অনুষদ, অর্থনীতি এবং ইতিহাস কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

ad

পাঠকের মতামত