61451

পুতিনকে রুশ ভাষায় অনূদিত ‘গীতা’ উপহার দিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রুশ ভাষায় অনূদিত ভগবদ্‌গীতার একটি কপি উপহার দিয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সামাজিক মাধ্যম এক্সে নিজেই এই তথ্য শেয়ার করেন মোদি। তিনি লিখেছেন, “রুশ প্রেসিডেন্ট পুতিনকে গীতার একটি কপি উপহার দিয়েছি। গীতা বিশ্বব্যাপী কোটি মানুষের অনুপ্রেরণার উৎস।”

একইদিন ২৭ ঘণ্টার সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটি তার প্রথম ভারত সফর। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি লালগালিচা সংবর্ধনা পান।

ads

বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুতিন বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে মোদি তাঁকে আন্তরিকভাবে জড়িয়ে ধরেন। দুই নেতা করমর্দন করেন এবং একই গাড়িতে সফরের পরবর্তী পর্যায়ে যাত্রা শুরু করেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, এই উষ্ণ অভ্যর্থনা দুই দেশের সম্পর্কের ঘনিষ্ঠতা আরও একবার তুলে ধরেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছরের জুলাইয়ে মস্কো সফরে পুতিন মোদির জন্য একটি ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন। তার প্রতিদানে এবার দিল্লিতে পুতিনের সম্মানে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন মোদি।

ads

আজ শুক্রবার সকালে দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রপতি ভবনে পুতিনকে দেয়া হবে রাষ্ট্রীয় অভ্যর্থনা। ভারতের ঐতিহ্যবাহী কূটনৈতিক স্থান হায়দরাবাদ হাউসে দুপুরের খাবার সারবেন পুতিন। এর আগে সকালে তিনি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন।

এই সফরে ভারত থেকে পরিচালিত রাশিয়ার একটি নতুন রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রেসিডেন্ট পুতিন। পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজেও অংশ নেবেন তিনি।

সমগ্র কর্মসূচি শেষে শুক্রবার রাত ৯টার দিকে পুতিন তার দুই দেশের মধ্যকার বিশেষ অংশীদারিত্ব নিয়ে ঘনিষ্ঠ আলোচনার এই সফর শেষ করে ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। তথ্যসূত্র : ডিএনএ ইন্ডিয়া, এনডিটিভি

ad

পাঠকের মতামত