61448

ঢাকার পথে জুবাইদা, আজ লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে তার ফ্লাইট ছেড়েছে। জুবাইদা রহমান ঢাকায় আসার পর উন্নত চিকিৎসার জন্য কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ শুক্রবার লন্ডনে নেওয়া হতে পারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, জুবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডন-ঢাকা ফ্লাইটে দেশে ফিরছেন। শুক্রবার সকাল ৯টা ৩৫মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ads

এর আগে বৃহস্পতিবার খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যদি ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা ভ্রমণের জন্য উপযুক্ত হয়, তাহলে শুক্রবার সকালে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। সবকিছু ম্যাডামের স্বাস্থ্যের ওপর নির্ভর করছে।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার একজন উপদেষ্টা, পুত্রবধূ, সাতজন চিকিৎসক, দুজন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একজন সহকারী, তার সহকারী একান্ত সচিব ও দুইজন গৃহকর্মী।’

ads

এদিকে, খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’ দেখা দেওয়ায় ফ্লাইট বিলম্ব হতে পারে বলে জানা গেছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় ২ সপ্তাহ ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। গত রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এরপর চিকিৎসাধীন থাকাকালীনই তার শারীরিক অবস্থার অবনতি হয়। তবে, তিনি চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এরই মাঝে গত ১ ডিসেম্বর খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে।

বুধবার খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের একজন এবং চীনের ৪ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ারে আসে। এদিন প্রধান উপদেষ্টাও তাকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে।

ad

পাঠকের মতামত