61391

ইতালির টেনিস কিংবদন্তি নিকোলা পিয়েত্রানজেলি আর নেই

স্পোর্টস ডেস্ক: ইতালির ১৯৫০ ও ৬০-এর দশকের টেনিস তারকা নিকোলা পিয়েত্রানজেলি আর নেই। সোমবার ৯২ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। ইতালিয়ান টেনিস ও প্যাডেল ফেডারেশনের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বিবিসি। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।

ফরাসি ওপেনে ১৯৫৯ সালে শিরোপা জিতে প্রথম ইতালিয়ান হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়েন পিয়েত্রানজেলি। তিনি একমাত্র ইতালিয়ান যিনি আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন।

ads

ক্যারিয়ারে বহুবার পিয়েত্রানজেলির হাত থেকে ট্রফি গ্রহণ করেছেন রাফায়েল নাদাল। কিংবদন্তির মৃত্যুতে টেনিসের অন্যতম সেরা এই তারকা লিখেছেন, ‘ইতালি এবং বিশ্ব টেনিসের এক মহান ব্যক্তিত্বের মৃত্যুতে গভীর শোক জানাই। তার পরিবার, ছেলে ফিলিপ্পো এবং পুরো ইতালীয় টেনিস পরিবারকে সমবেদনা। শান্তিতে বিশ্রাম নিন, নিকোলা।’

পিয়েত্রানজেলির দুটি গ্র্যান্ড স্ল্যাম বহু বছর ইতালির রেকর্ড হিসেবে টিকে ছিল। সেই রেকর্ড ভাঙেন জানিক সিনার। ২০২৫ সালে টানা দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিজের গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা তিনে নিয়ে যান এই তরুণ। বর্তমানে তার গ্র্যান্ড স্ল্যাম চারটি।

ads

গাজেত্তা দেলো স্পোর্ত-কে ২০২০ সালে পিয়েত্রানজেলি বলেছিলেন, ‘১৯৬০ সালের শিরোপার জন্য আমি ১৫০ ডলার (২০২৫ সালে প্রায় ৩ হাজার ৭৮৭ ইউরোর সমান) পেয়েছিলাম। এতে রোমে আমার দুই মাসের বাসাভাড়া চলেছিল।’

ফরাসি ওপেনে ১৯৬১ ও ১৯৬৪ সালে রানার্সআপ হওয়া পিয়েত্রানজেলি দুটি ফাইনালেই স্পেনের মানুয়েল সান্তানার কাছে হারেন। ১৯৫৯ সালে অরল্যান্ডো সিউরোলার সঙ্গে জুটি বেঁধে জেতেন ডাবলস খেতাব।

১৯৬৪ সালের ফাইনালের কথা মনে করে তিনি বলেছিলেন, ‘আমরা বাজি ধরেছিলাম, যে হারবে সে খাওয়াবে। পরে আমি প্রতিশ্রুতি রক্ষা করলাম। আমরা ১০ জন ডিনারে গেলাম, স্ত্রীদের নিয়ে। সান্তানা স্প্যানিশ ফুটবলার লুইসিতো সুয়ারেসকেও আমন্ত্রণ জানিয়েছিল। পুরো টুর্নামেন্ট থেকে যা আয় করেছিলাম, সব খরচ হয়ে যায় ওই সন্ধ্যাতেই।’

উইম্বলডনের ১৯৬০ সালের সেমিফাইনাল ও ১৯৫৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালেও পৌঁছেছিলেন পিয়েত্রানজেলি।

 

ad

পাঠকের মতামত