কুমিল্লায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ বুক অলিম্পিয়াড
নিউজ ডেস্ক: ‘বই পড়ি, স্বপ্ন আঁকি’—এ স্লোগানে কুমিল্লায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ বুক অলিম্পিয়াড। কুমিল্লা আইডিয়াল কলেজে মুক্ত আসরের উদ্যোগে ও বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লেখক ড. জি. এম. মনিরুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেরিন ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন জিয়াউল হাসান মাহমুদ, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বাংলাদেশ বুক অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রধান সমন্বয়ক আয়শা জাহান নূপুর, যোগাযোগ বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল বাশার মিরাজ, সদস্য ইয়াতুননেসা রুমা, গবেষক জয়াশিস বনিক, এখন টিভি কুমিল্লা জেলার ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ, প্রথম আলো জেলা প্রতিনিধি আব্দুর রহমান, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি খালেদ বিন নজরুল, বাবুই প্রকাশনের প্রকাশক কাদের বাবুসহ কুমিল্লার বিভিন্ন বিশিষ্টজন।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা ও বিজয়ী ১০ জনকে সনদ ও বই প্রদান করা হয়। পুরো আয়োজনকে সফল করতে সহযোগিতা করেন স্বপ্ন’ ৭১ প্রকাশন, বইচারিতা, কাঠবেড়ালি প্রকাশন ও শব্দঘর।










