ইউক্রেনের হাত শক্তিশালী করতে চায় জার্মানি
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দর-কষাকষির ক্ষমতা বাড়াতে জব্দ করা রুশ সম্পদ ব্যবহারের বিষয়ে আগামী মাসের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। বৃহস্পতিবার বার্লিনে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখালের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান।
মের্ৎস বলেন, ‘আমরা আমাদের ইউরোপীয় এবং ট্রান্সআটলান্টিক অংশীদারদের সঙ্গে মিলে রাশিয়ার ওপর চাপ বাড়িয়ে যেতে চাই, যাতে রাশিয়া শেষ পর্যন্ত আলোচনার টেবিলে আসে এবং আলোচনা করতে ইচ্ছুক হয়।’ তিনি জোর দিয়ে বলেন, কিয়েভকে কোনোভাবেই একতরফাভাবে ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা যাবে না এবং পশ্চিমা অংশীদারদের পক্ষ থেকে নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে।
ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য জব্দ করা ১৪০ বিলিয়ন ইউরো (১৬২ বিলিয়ন ডলার) রুশ সম্পদ ব্যবহারের বিষয়ে নিজের প্রস্তাবের কথা সাংবাদিকদের মনে করিয়ে দেন মের্ৎস। তিনি জানান, এই সম্পদ ইউক্রেনকে সহায়তার জন্য আরও ব্যাপকভাবে ব্যবহার করতে চায় জার্মানি। এ বিষয়ে সেপ্টেম্বরে তিনি একটি প্রস্তাব জমা দিয়েছিলেন, যা ইউরোপীয় কমিশন গ্রহণ করেছে এবং ইইউর অধিকাংশ সদস্য দেশও এটিকে সমর্থন জানিয়েছে।
তিনি আরও বলেন, ‘আমাদের দর-কষাকষির অবস্থান শক্তিশালী করতে এবং ইউক্রেনের প্রতি সংহতি ও সমর্থনের আরেকটি বার্তা পাঠাতে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ইইউ নেতাদের শীর্ষ সম্মেলনের আগেই আমাদের দ্রুত একটি উপযুক্ত চুক্তিতে পৌঁছাতে হবে, এ বিষয়ে আমরা উভয়েই একমত।’









